ভারতের পশ্চিমবঙ্গ-এর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার ঘটনায় সিআইডি উত্তর প্রদেশ থেকে তিনজনকে গ্রেফতার করেছে।
রোববার (১০ মে) রাতেই অভিযুক্তদের গ্রেফতার করে কলকাতা-এ নিয়ে আসা হয়। পরে রাতভর ভবানী ভবন-এ তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার তাদের বারাসত আদালত-এ তোলা হবে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পরই হামলার শিকার হন চন্দ্রনাথ রথ। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথের আগেই, গত ৬ মে রাতে মধ্যমগ্রাম এলাকায় দুষ্কৃতীরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালায়।
এতে তার বুকে ও হাতে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার তদন্তে নামে সিআইডি ও এসটিএফ। তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র মেলে ডিজিটাল লেনদেনের তথ্য থেকে। জানা যায়, হামলাকারীরা একটি টোল প্লাজায় ইউপিআইয়ের মাধ্যমে টাকা পরিশোধ করেছিল।
তদন্তকারীরা ওই ইউপিআই লেনদেনের সূত্র ধরে উত্তর প্রদেশে অভিযান চালিয়ে তিনজন শার্প শুটারকে গ্রেফতার করে। পরে তাদের কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ শুরু হয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা এখন জানার চেষ্টা করছেন, কারা এই শার্প শুটারদের ভাড়া করেছিল এবং কেন শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে টার্গেট করা হয়েছিল।
এর আগে থেকেই তদন্তকারীদের ধারণা ছিল, চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের পেছনে ভিনরাজ্যের অপরাধচক্র জড়িত থাকতে পারে। গ্রেফতারের পর সেই সন্দেহ আরও জোরালো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




















