যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানার বিরুদ্ধে বিভিন্ন ভুঁইফোড় ও অখ্যাত গণমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগ তুলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবদল। নেতারা দাবি করেছেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে যুবদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে।
বুধবার যশোর প্রেস ক্লাব-এ আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, বিগত সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর হামলা-মামলা ও নির্যাতনের মধ্যেও যশোর জেলা যুবদল রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকার স্বীকৃতি হিসেবে কেন্দ্রীয় কমিটি জেলা যুবদল পুনর্গঠন করে এম তমাল আহমেদকে আহ্বায়ক এবং তাকে সদস্য সচিবের দায়িত্ব দেয়।
তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে তারা সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে কাজ করে যাচ্ছেন। কিন্তু এই সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি মহল ধারাবাহিকভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
আনসারুল হক রানা অভিযোগ করেন, সম্প্রতি ‘দৈনিক রুপালী বাংলাদেশ’ নামের একটি গণমাধ্যমে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার মতো ভিত্তিহীন তথ্য প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করেও অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি বলেন, “আমরা স্পষ্টভাবে বলতে চাই, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। যুবদলের কোনো নেতাকর্মী এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।” তিনি আরও অভিযোগ করেন, দলের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু বহিষ্কৃত ব্যক্তি ও তাদের সহযোগীরা বিএনপি ও জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতে এসব অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের কাছে বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চালানো এসব মিথ্যা প্রচারণায় নেতাকর্মীরা সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিনসহ অন্যান্য নেতারা।




















