যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের সুজলপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে জামাল (৩৩) নামে এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার আরবপুর ইউনিয়নের সুজলপুর গ্রামের ১ নম্বর পাড়ায় এ ঘটনা ঘটে।
আহত জামাল সুজনপুর গ্রামের বাসু মিয়ার ছেলে। অভিযুক্ত সোহাগ (৪০) একই গ্রামের সোলেমান মিয়ার ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে সোহাগ ধারালো ছুরি দিয়ে জামালের ওপর হামলা চালান। এ সময় তিনি জামালের বাম হাতের কব্জির ওপর কোপ দেন, এতে তিনি গুরুতর আহত হন এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে জামালের অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




















