ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হোসেন (৩০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (০৬ মে) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ষাটবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম হোসেন উপজেলার বেথুলি গ্রামের আরিফুল ইসলামের ছেলে। আহত রফিকুল একই গ্রামের বাসিন্দা, তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, সকালে শামীম হোসেন মাঠ থেকে পাওয়ার টিলারের মাধ্যমে ধান এনে ষাটবাড়িয়া গ্রামের মলাজ উদ্দীনের বাড়িতে একটি বৈদ্যুতিক মেশিনে মাড়াই করছিলেন। কাজ করার সময় সেখানে থাকা একটি ছেঁড়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
শামীমকে উদ্ধার করতে এগিয়ে গেলে রফিকুলও একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।
আহত রফিকুলের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ঝুঁকিপূর্ণ ও অপরিকল্পিত বৈদ্যুতিক সংযোগের কারণেই এমন দুর্ঘটনা ঘটছে এবং দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।




















