শার্শা (যশোর) শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২৩ বোতল ভারতীয় নিষিদ্ধ ‘এসকাফ’ (ESKUF) সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ ফেব্রুয়ারি) কায়বা বিওপি’র একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান রোধে বিজিবি’র নিয়মিত নজরদারি ও টহল তৎপরতা বর্তমানে আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার কায়বা সীমান্তে চোরাচালান বিরোধী এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ এই মাদক সিরাপ জব্দ করা হয়।
বিজিবি অধিনায়ক আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক পাচার ও সব ধরনের অবৈধ ব্যবসা বন্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি’র এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত ভারতীয় নিষিদ্ধ এসকাফ সিরাপগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট দফতরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।




















