: ঝিকরগাছা থানা পুলিশ ভ্যানচালক বিল্লাল ওরফে মাসুদ (১৯) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে। এ ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিহতের ব্যাটারিচালিত ভ্যানগাড়িটি উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- প্রধান আসামি শার্শার উলশী এলাকার আলী হাসান (২৫), সাতক্ষীরার পাটকেলঘাটার যুগি পুকুর গ্রামের কামরুজ্জামান সরদার ওরফে কামরুল (৩৬) এবং শরিফুল ইসলাম (৩৮)।
ঘটনার বিবরণ:
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর সকালে ভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর মাসুম বিল্লাল নিখোঁজ হন। পরদিন তাঁর পিতা আজিজ খান শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর চার দিন পর, ১০ অক্টোবর বিকেল ৩টার দিকে ঝিকরগাছা উপজেলার বায়শা গ্রামের প্রবাসী রবিউল ইসলামের নির্মাণাধীন বাড়ির রান্নাঘরের জানালার গ্রিলে গলায় ফাঁস লাগানো অবস্থায় মাসুম বিল্লালের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। নিহতের পরনে থাকা পোশাক ও মুখে ঢোকানো ভ্যান মোছার কাপড় দেখে তাঁর পিতা লাশ শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের পিতা আজিজ খান বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশি তদন্ত ও গ্রেপ্তার:
মামলাটি স্পর্শকাতর হওয়ায় নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফ হোসেনের তত্ত্বাবধানে তদন্ত শুরু করেন ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সাঈদ।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা কৌশল ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ২২ অক্টোবর গভীর রাতে শার্শার উলশী এলাকা থেকে প্রধান আসামি আলী হাসানকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে পরে পাটকেলঘাটার যুগিপুকুরিয়া গ্রাম থেকে আরও দুই আসামি শরিফুল ইসলাম ও কামরুজ্জামান সরদার ওরফে কামরুলকে গ্রেপ্তার করা হয়।
হত্যার নেপথ্যে:
পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায়, আলী হাসান ও তাঁর সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে শার্শার উলশী বাজার থেকে মাসুম বিল্লালের ভ্যানে ওঠে। পরে তারা ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে মাসুমকে ঝিকরগাছার বায়শা গ্রামের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে ভ্যান মোছার ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করা হয় এবং লাশ জানালার গ্রিলে ঝুলিয়ে রেখে ভ্যানগাড়িটি নিয়ে পালিয়ে যায়।
পরদিন আসামিরা ভ্যানটি বিক্রি করে দেওয়ার চেষ্টা করলে শরিফুল ইসলাম ১৭ হাজার টাকায় কিনে নেয় এবং পরে কামরুজ্জামান সরদারের কাছে ২০ হাজার টাকায় বিক্রি করে।
গ্রেপ্তারকৃত তিন আসামিকে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আদালতে প্রেরণ করা হয়েছে।
০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম:
ঝিকরগাছায় ভ্যানচালক বিল্লাল ওরফে মাসুদ হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৩; উদ্ধার হলো চোরাই ভ্যান
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:৪৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- ৫৭২
সর্বাধিক পঠিত



























