নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসানুল কবীর তুহিনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার দুপুরে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে সভাপতি তাকে চড়-থাপ্পড় মারেন। প্রধান শিক্ষক আহসানুল কবীর তুহিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ম্যানেজিং কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরেই এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের উন্নয়ন কাজের বিল-ভাউচার এবং কমিটি গঠন নিয়ে দীর্ঘদিনের বিরোধের ফলেই এই লাঞ্ছনার ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে অভিযুক্ত সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শিক্ষককে লাঞ্ছিতের এই ঘটনায় অভিভাবক এবং সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।



























