যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টুর বিরুদ্ধে মোট ৯০ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে আদালতে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। কমার্শিয়াল ব্যাংকের পক্ষে যশোর শাখার প্রিন্সিপাল অফিসার মুর্তুজা আহম্মেদ বৃহস্পতিবার মামলা দুটি করেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল অভিযোগ আমলে নিয়ে দুই মামলাতেই আসামির বিরুদ্ধে সমনের আদেশ দিয়েছেন। তৌহিদ চাকলাদার ফন্টু শহরের পুরাতন কসবা কাঠালতলার আব্দুল কাদের চাকলাদারের ছেলে।
একটি মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ফন্টু চাকলাদার ‘মেসার্স ভৈরব মৎস খামার’ নামের একটি প্রতিষ্ঠানের নামে লোন নেন। এই লোনের বিপরীতে দেওয়া ৪০ লাখ টাকার একটি ব্যাংক চেক গত ২০ আগস্ট নগদায়নের জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক যশোর শাখায় উপস্থাপন করা হলে তা ডিজঅনার হয়। এরপর ২৬ আগস্ট আইনি নোটিশ পাঠানো হলেও ৩০ দিনের মধ্যে কোনো সাড়া না পাওয়ায় বাদী আদালতে মামলাটি করেন।
অপর মামলায় প্রিন্সিপাল অফিসার মুর্তুজা আহম্মেদ উল্লেখ করেন, একই প্রক্রিয়ায় তৌহিদ চাকলাদার ফন্টু ‘হাসিনা ফিস ফিড’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক হিসেবে লোন নেন এবং তার বিপরীতে চেক দেন। গত ২০ আগস্ট ৫০ লাখ টাকার চেকটি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক যশোর শাখায় উপস্থাপন করা হলে সেটিও ডিজঅনার হয়। একই তারিখে (২৬ আগস্ট) আইনি নোটিশ পাঠানো হলেও ৩০ দিনের মধ্যে কোনো সাড়া না পাওয়ায় আদালতে দ্বিতীয় মামলাটি দায়ের করা হয়।
আদালত সূত্র জানায়, বিচারক পৃথক দুটি অভিযোগই আমলে নিয়েছেন। দুই মামলায় আসামি তৌহিদ চাকলাদার ফন্টুর বিরুদ্ধে সমন জারি করা হয়েছে এবং আগামী ১৭ মার্চ তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
শিরোনাম:
যশোর যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টুর বিরুদ্ধে ৯০ লাখ টাকার চেক ডিজঅনার মামলা
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৬:২৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- ৫৫৫
সর্বাধিক পঠিত


























