রাজধানীর ফার্মগেট ও পূর্ব রাজাবাজার এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে এই বিস্ফোরণের পর আরিফুর রহমান হৃদয় (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আটককৃত যুবক পিরোজপুর জেলা ছাত্রলীগের কর্মী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ১০টা ৭ মিনিটের দিকে কারওয়ান বাজার দিক থেকে একটি মোটরসাইকেলে তিন আরোহী ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে এসে প্রথম ককটেল বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর মোটরসাইকেল আরোহীরা দ্রুত পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ও যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে।
পূর্ব রাজাবাজার এলাকায় এসে তারা আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এই সময় মোটরসাইকেলসহ দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয়দের সহায়তায় পুলিশ একজনকে হাতেনাতে আটক করে। এই ঘটনায় একজন সামান্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। শেরেবাংলা নগর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটককৃত যুবককে থানায় নিয়ে যায়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আরিফুর রহমান হৃদয় পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিকের অনুসারী বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলের অংশবিশেষ ও বিস্ফোরণের আলামত উদ্ধার করেছে। ঘটনার তদন্ত চলছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরণের উদ্দেশ্য ও জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
শিরোনাম:
রাজধানীর ফার্মগেট ও পূর্ব রাজাবাজারে পরপর ৩ ককটেল বিস্ফোরণ; ছাত্রলীগকর্মী আটক
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:৩১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- ৫৮৮
সর্বাধিক পঠিত


























