যশোরে তিন লাখ টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং মারধরের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি করেছেন শহরের রামকৃষ্ণ আশ্রম রোড এলাকার আবুল হোসেন বাবুর মেয়ে ঝর্না আক্তার নিলা। মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দিয়েছেন।
মামলার একমাত্র আসামি একই এলাকার মুজিবুর রহমানের ছেলে সুমন রহমান।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০০৭ সালের ১৮ জুলাই পারিবারিকভাবে ঝর্না আক্তার নিলার সঙ্গে সুমন রহমানের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে ও দুই মেয়ের জন্ম হয়। পরবর্তীতে পারিবারিক কলহের জেরে ২০২২ সালের ৬ এপ্রিল ঝর্না আক্তার নিলা স্বামীকে তালাক দেন।
অভিযোগে বলা হয়েছে, তালাক কার্যকর হওয়ার পর থেকেই সুমন রহমান প্রতিশোধপরায়ণ আচরণ শুরু করেন। সর্বশেষ গত ২২ জুলাই দুপুর ২টার দিকে তিনি মোবাইল ফোনে ঝর্না আক্তার নিলার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি করা টাকা দিতে অস্বীকৃতি জানালে, দাম্পত্য জীবনের সময় ধারণ করা তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, পরে সুমন রহমান বাদীর বাড়িতে গিয়ে তাকে মারধর করেন। একই সঙ্গে ঘরে থাকা ওয়্যারড্রোব থেকে দুই লাখ ১০ হাজার টাকা নিয়ে চলে যান বলেও অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানো হয় এবং কোতোয়ালি থানায় অভিযোগ করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি করেছেন বাদী। পরে বাধ্য হয়ে তিনি আদালতের শরণাপন্ন হয়ে মামলাটি দায়ের করেন।
আদালত মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।





















