রাজধানীর মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে দলিল নিবন্ধন প্রক্রিয়ায় অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায় এবং দালালচক্রের সক্রিয়তার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কয়েকজন সেবাগ্রহীতা ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, অফিসে কর্মরত কিছু উমেদার ও নকলনবিশের মাধ্যমে সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হয়।
সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, সাব-রেজিস্ট্রার অফিসের উমেদাররা কোনো স্থায়ী সরকারি পদে নিয়োজিত নন। তারা বিভিন্ন প্রশাসনিক কাজে সহায়তা করলেও তাদের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ লেনদেনে মধ্যস্থতার অভিযোগ দীর্ঘদিনের। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগীদের অভিযোগ, দলিল নিবন্ধনের সময় বিভিন্ন কাগজপত্রে ত্রুটির কথা উল্লেখ করে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী, অর্থ প্রদান করলে অনেক ক্ষেত্রে কাজ দ্রুত সম্পন্ন হয়, আর অর্থ দিতে অস্বীকৃতি জানালে নানা জটিলতার মুখোমুখি হতে হয়।
এদিকে, অনুসন্ধানে জানা যায়, ১৮ মার্চ ২০২৬ তারিখে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের হয়, যেখানে কয়েকজনের নাম উল্লেখ রয়েছে। তবে ওই মামলার তদন্তের বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার আব্দুল কাদিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এছাড়া প্রতিবেদনে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের বক্তব্য পাওয়ারও চেষ্টা করা হয়েছে। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
সেবাগ্রহীতারা অভিযোগগুলোর বিষয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।




















