যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের যশোর শহরের নীলগঞ্জ এলাকার বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় শত শত মানুষ। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এ বিক্ষোভকে কেন্দ্র করে একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় এমপির বাসভবনে হামলার অভিযোগও ওঠে।
স্থানীয়দের অভিযোগ, নীলগঞ্জ এলাকার আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও সংশ্লিষ্ট মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে এমপি গোলাম রসুল ও তাঁর মেয়ে অনন্যার বিরুদ্ধে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী আয়ান এবং রেক্সনা নামে এক নারীর ওপর হামলার অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, এ ঘটনায় ওই নারীর মাথায় আঘাত লাগে এবং তিনি আহত হন।
জানা গেছে, এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে দুই পক্ষের মধ্যে একটি মীমাংসা হয়েছিল। তবে মঙ্গলবার সকালে মাদ্রাসা খুললে সেটি বন্ধ রাখতে বলা হয় বলে অভিযোগ রয়েছে। এরপরই স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সকাল ১০টার দিকে এমপির বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, সংশ্লিষ্ট মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যা এলাকাবাসীর মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি তাদের অভিযোগ, মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘদিন ধরেই এমপি গোলাম রসুল ও তাঁর মেয়ে দুর্ব্যবহার করে আসছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে পরিস্থিতি মীমাংসার উদ্দেশ্যে এমপি গোলাম রসুলের এক স্বজন ঘটনাস্থলে এলে বিক্ষুব্ধ জনতার একাংশ তাঁর ওপর চড়াও হয়। এ সময় তাঁকে মারধরের ঘটনাও ঘটে। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং এমপি ও তাঁর মেয়ের বিচারের দাবিতে দীর্ঘ সময় সড়কে অবস্থান করেন।
খবর পেয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তিনি জানান, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এমপি গোলাম রসুলের বাড়ির সামনে স্থানীয়দের অবস্থান অব্যাহত ছিল এবং যশোর-নড়াইল মহাসড়কে যান চলাচল আংশিকভাবে ব্যাহত হচ্ছিল।
এদিকে অভিযোগের বিষয়ে এমপি গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা দাবি করেন, তাঁদের মেয়ে অনন্যা মানসিক সমস্যায় ভুগছেন। তিনি বলেন, মাদ্রাসা বন্ধ থাকলেও সেখানে বিভিন্ন সময় শিশুরা এসে গোলযোগ সৃষ্টি করত। এর প্রতিবাদ করেছিলেন তাঁর মেয়ে। সেই ঘটনাকে কেন্দ্র করে তাঁদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছে। এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের বাড়িতে হামলা চালিয়ে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




















