যশোর সদর উপজেলার চুড়ামনকাটির ছাতিয়ানতলা মল্লিকপাড়ায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলার আসামি রবিউল তালুকদারকে আটক করেছে র্যাব।
শনিবার রাতে র্যাব-৬ যশোর ক্যাম্প ও ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটক রবিউল ইসলাম গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভুতুড়িয়া গ্রামের ফায়েক তালুকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ক্যাম্পের কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স।
র্যাব সূত্রে জানা গেছে, রবিউলের এক প্রতিবেশী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় তার স্ত্রীকে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত ও আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রস্তাবে সাড়া না দেওয়ায় গোপন ভিডিও ও ব্যক্তিগত ছবি ফাঁসের ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হয়।
অভিযোগ অনুযায়ী, গত ২৮ জুন ওই নারীর কিছু ব্যক্তিগত ছবি তার স্বামীর কাছে পাঠিয়ে ৩০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে ছবিগুলো ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় গত ২ জুলাই ভুক্তভোগী নারী রবিউল তালুকদারের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে কোটালীপাড়া থানায় মামলা দায়ের করেন।
র্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিউলের অবস্থান শনাক্ত করার পর শনিবার রাতে যশোরের ছাতিয়ানতলা মল্লিকপাড়ায় ননীফল নার্সারির মালিক খন্দকার কবীরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রবিউলকে কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।





















