স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দে লাল-হলুদ উৎসবে ভেসে যায় পুরো স্টেডিয়াম। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন শেষে পরিবারের সদস্যদের জড়িয়ে ধরেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল।
তবে উদযাপনের সবচেয়ে আলোচিত মুখ ছিলেন না ইয়ামাল নিজে। সবার নজর কেড়ে নেয় তার মাত্র তিন বছর বয়সী ছোট ভাই কিয়েন।
মা শেইলা এবানা, প্রেমিকা ইনেস গার্সিয়া এবং ছোট ভাই কিয়েনকে নিয়ে ইয়ামালের তোলা ছবি ও ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পুরো বিশ্বকাপজুড়েই গ্যালারিতে কিয়েনের নানা অভিব্যক্তি—উচ্ছ্বাস, বিস্ময় ও আবেগঘন প্রতিক্রিয়া—সমর্থকদের মন জয় করে। ফলে অল্প সময়েই সে হয়ে ওঠে টুর্নামেন্টের অন্যতম আলোচিত শিশু মুখ।
বিশ্বকাপের বিভিন্ন ম্যাচ শেষে মাঠ থেকে স্টেডিয়ামের বড় পর্দায় নিজের ভাইকে খুঁজে দেখার চেষ্টা করেন ইয়ামাল। কিয়েনকে দেখে হাত নাড়ানোর সেই আবেগঘন মুহূর্তগুলোও সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
ইয়ামালের মা শেইলা এবানা নিয়মিত কিয়েনের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করতেন, যা দ্রুত জনপ্রিয়তা পায়।
বিশ্বকাপজয়ের আনন্দ ভাগাভাগি করতে মাঠে উপস্থিত ছিলেন ইয়ামালের প্রেমিকা ইনেস গার্সিয়াও। চলতি বছরের মে মাসে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন এই জুটি। ফ্যাশন ও বিউটি ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত ইনেস বিশ্বকাপজুড়ে স্টেডিয়ামে উপস্থিত থেকে সাধারণ ও সাদামাটা সাজে সমর্থকদের প্রশংসা কুড়িয়েছেন।
পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে স্পেনকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লামিনে ইয়ামাল। তবে মাঠের বাইরের গল্পে ছোট ভাই কিয়েনও সমানভাবে ভক্তদের হৃদয় জয় করে বিশ্বকাপের অন্যতম জনপ্রিয় মুখে পরিণত হয়েছে।





















