বৈরী আবহাওয়া, টানা ভারী বর্ষণ এবং চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার আগামীকাল শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচটি জেলা হলো—চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। সাম্প্রতিক ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যার কারণে এসব জেলার বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক সড়ক পানিতে তলিয়ে গেছে এবং যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে।
এর আগে একই কারণে গত ৮ জুলাই অনুষ্ঠিতব্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। চলমান দুর্যোগ পরিস্থিতির উন্নতি না হওয়ায় দ্বিতীয় দফায় আবারও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে হয়েছে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে। এ বিষয়ে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে বোর্ডের পরবর্তী নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।




















