যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) সংলগ্ন এলাকায় কথিত মিছিলের প্রস্তুতিকালে বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত কর্মচারী ও কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং যুবলীগ নেতা বদিউজ্জামান বাদলকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে আটক করে যশোর কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় আমবটতলা বাজার এলাকায় আওয়ামী লীগের পক্ষে একটি মিছিল বের করার প্রস্তুতি চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় বদিউজ্জামান বাদলকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে সরে যায় বলে দাবি করা হয়েছে।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির এএসআই নিয়ামুল ইসলাম বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, বাদলের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।”
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশের বিশেষ টিম কাজ করছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।




















