জমি-জমা, কবরস্থান দখল, মাছ চুরি, হামলা-মামলা ও দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ এনে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন আফরোজা আক্তার নামে এক নারী।
বুধবার (৬ মে) দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে আফরোজা আক্তার অভিযোগ করেন, তার ভাইপো কেন্দ্রীয় বিএনপির সদস্য মহসিন কবীরের নেতৃত্বে পরিবারের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে তাকে এবং তার পরিবারকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন তার ভাই রুহুল আমিন, সামছুজ্জামান খোকন, ডেন্টিস্ট ডা. নাসিম জামান রিফাতসহ পরিবারের আরও কয়েকজন সদস্য ও কর্মচারী।
তিনি দাবি করেন, অভিযুক্তরা তাদের জমি, পুকুর এবং এমনকি পারিবারিক কবরস্থানও দখল করেছে। পাশাপাশি মাছ চুরি, ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার মতো অভিযোগও তিনি তোলেন।
আফরোজা আক্তার আরও বলেন, গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বিরোধ মীমাংসার উদ্দেশ্যে তিনি অভিযুক্তদের বাড়িতে গেলে তাকে অপমান করে বের করে দেওয়া হয়। এরপর তার ভোগদখলীয় পুকুর থেকে মাছ চুরি করা হয় বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে প্রতিবাদ জানালে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হয়রানি শুরু হয় বলেও তিনি দাবি করেন।
তিনি আরও জানান, থানায় একাধিকবার অভিযোগ দিলেও যথাযথ বিচার পাননি। বরং প্রশাসনকে প্রভাবিত করে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা তার পরিবারকে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
সংবাদ সম্মেলনে তিনি অডিও-ভিডিও রেকর্ড, জিডি, মামলা সংক্রান্ত কাগজপত্র ও পুকুর লিজের চুক্তিপত্রসহ বিভিন্ন নথি সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন এবং প্রকৃত ঘটনা দেশবাসীর সামনে তুলে ধরার আহ্বান জানান।
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।




















