ঢাকা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বব্যাপী সৃষ্ট জ্বালানি সংকট ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে দেশের ব্যাংকিং সময়সূচিতে। সরকারের ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে এখন থেকে ব্যাংকগুলোতে লেনদেনের সময় কমিয়ে আনা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের ব্রিফিংকালে বিষয়টি নিশ্চিত করেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক লেনদেনের সময়সীমা হবে: লেনদেনের সময়: সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
লেনদেন পরবর্তী কাজ সম্পন্ন করার জন্য ব্যাংক বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
বর্তমানে ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন চলে এবং দাপ্তরিক কাজ পরিচালনার জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা হয়। নতুন সিদ্ধান্তের ফলে লেনদেনের সময় ১ ঘণ্টা এগিয়ে আনা হলো এবং সামগ্রিকভাবে ব্যাংকের কার্যক্রম ২ ঘণ্টা আগে শেষ করার নির্দেশনা দেওয়া হলো। এর ফলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় হবে বলে আশা করছে সরকার।
মন্ত্রিপরিষদ সচিব জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব সরাসরি বাংলাদেশের ওপর পড়ায় সরকার আগাম সতর্কতা হিসেবে এই ব্যয় সংকোচনমূলক পদক্ষেপ নিয়েছে। ব্যাংকিং খাতের পাশাপাশি সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতেও পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রোববার থেকে এই নতুন সময়সূচি কার্যকর হওয়ার কথা রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার সীমিত করে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই এই পরিবর্তনের মূল লক্ষ্য।




















