যশোর প্রতিনিধি:
যশোর শহরের নতুনহাট এলাকার আলোচিত স্বর্ণ ব্যবসায়ী প্রকাশকে অভিযোগের ভিত্তিতে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার রাতে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি নতুনহাট এলাকার পরিমলের ছেলে।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রকাশের বিরুদ্ধে স্বর্ণালঙ্কার বন্ধক রেখে ফেরত না দেওয়া, গ্রাহকদের সঙ্গে টালবাহানা করাসহ বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযোগকারী পক্ষের সঙ্গে সমঝোতা হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে প্রকাশকে আটকের খবর ছড়িয়ে পড়লে নতুনহাট এলাকার বেশ কয়েকজন ভুক্তভোগী থানায় উপস্থিত হন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে স্বর্ণ বন্ধক নিয়ে নানা অনিয়মের অভিযোগ রয়েছে।
স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ধরনের সুবিধা নিয়েছেন প্রকাশ। পাশাপাশি বহু নারীর স্বর্ণালঙ্কার বন্ধক রেখে তা ফেরত না দেওয়ার অভিযোগও তুলেছেন তারা।
ভুক্তভোগীরা সংশ্লিষ্ট অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।




















