ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। রবিবার (৭ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
চলতি অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন। আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। বাজেট উত্থাপনের পর সরকার ও বিরোধী দলের সদস্যরা এর ওপর বিস্তারিত আলোচনা করবেন। আলোচনা শেষে আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বাজেট অধিবেশনকে ঘিরে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের অধিবেশন আহ্বান করার পর থেকেই সচিবালয় প্রস্তুতি কার্যক্রম শুরু করে।
অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ, কার্যসূচি এবং বাজেট-সংক্রান্ত কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। সংসদ সদস্যদের উপস্থিতি, আলোচনা এবং বিভিন্ন বিল উত্থাপন ও পাসের বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে বাজেট অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
ডিএমপির জারি করা নির্দেশনা অনুযায়ী, শনিবার (৬ জুন) থেকে সংসদ ভবন ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা সংলগ্ন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ এবং সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। বাজেট অধিবেশন চলাকালে এই নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জাতীয় অর্থনীতি, রাজস্ব আহরণ, উন্নয়ন ব্যয়, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে। ফলে বাজেট অধিবেশনকে ঘিরে রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।




















