সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এই হাইভোল্টেজ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মালদ্বীপে। গ্রুপ পর্বে দুই দলের লড়াই ১-১ গোলে ড্র হলেও আজকের ফাইনালে জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ট্রফি ঘরে তুলতে মরিয়া লাল-সবুজের প্রতিনিধিরা।
আজ শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের স্থানীয় সময় রাতে ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ সময় রাত ৯টায় দুই দল শিরোপার লড়াইয়ে অবতীর্ণ হবে।
বাংলাদেশ দলের ইংলিশ কোচ মার্ক কক্স ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিটেই শেষ করতে চান। পেনাল্টি শুটআউট নিয়ে নিজের দেশের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি রসিকতার ছলে বলেন, “একজন ইংরেজ হিসেবে পেনাল্টি শুটআউট থেকে দূরে থাকাই ভালো! আমরা চাই নির্ধারিত সময়েই জয় নিশ্চিত করতে।”
প্রতিপক্ষকে সমীহ করে তিনি আরও বলেন, “ভারত একটি দুর্দান্ত দল এবং তারা দারুণ খেলছে। তবে আমাদের খেলোয়াড় ও কোচিং স্টাফরাও সমানভাবে প্রস্তুত। এ ধরনের ম্যাচে আলাদা করে অনুপ্রেরণার প্রয়োজন হয় না; ভারতের মতো চিরপ্রতিদ্বন্দ্বীকে হারানোর তাড়না সবার মধ্যেই কাজ করে।”
বাংলাদেশ দলের অধিনায়ক মিঠু চৌধুরী জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী। তিনি বলেন, “আগের একটি ফাইনালে আমরা ভারতের কাছে হেরেছিলাম, তাই তাদের বিপক্ষে ম্যাচ মানেই আমাদের ভেতরে আলাদা জেদ কাজ করে। আমরা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মনে করি এবং মাঠে সবাই নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ, এবার ভালো কিছু হবে।”
গ্রুপ পর্বে দুই দলের লড়াই সমানে সমান হলেও ফাইনালের মঞ্চে কোনো ড্রয়ের সুযোগ নেই। বাংলাদেশ দল তাদের আক্রমণাত্মক ফুটবল বজায় রেখে টানা দ্বিতীয় শিরোপা জিতে দেশে ফিরতে চায়। দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব বজায় রাখার এই লড়াইকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের মাঝে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে।




















