ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন যাত্রী দগ্ধ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোররাতে রাজ্যের মারকাপুরাম জেলার কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ২৩ জন আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি তেলেঙ্গানার জাগিট্যাল থেকে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার কালিগিরির দিকে যাচ্ছিল। ভোররাতে মারকাপুরাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নুড়ি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাসটিতে দাউদাউ করে আগুন ধরে যায়। বাসের ভেতরে আটকে পড়া যাত্রীরা বের হওয়ার সুযোগ পাওয়ার আগেই অগ্নিদগ্ধ হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। অগ্নিদগ্ধ বাস থেকে যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, বাসটিতে অন্তত ৩৭ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই বেশ কয়েকজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায়। ট্রাকের চালককেও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মারকাপুরাম জেলার পুলিশ সুপার ভি হর্ষবর্ধন রাজু জানান, “আমরা ২৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।”
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নারা চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।





















