চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছররা গুলিতে আজাদ (৩৮) নামে এক বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
আহত আজাদ হোসেন নতুনপাড়া গ্রামের বদরউদ্দিনের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি পেশায় একজন কৃষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আজাদ হোসেনসহ আরও ২-৩ জন সীমান্ত এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছিলেন। সীমান্তের ৬৫/১-এস পিলারের কাছাকাছি শূন্য রেখায় কাঁটাতারের বেড়া পেরিয়ে প্রবেশের সময় সেখানে দায়িত্বরত বিএসএফ টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে আজাদের শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। তবে তার সঙ্গীরা অক্ষত অবস্থায় পালিয়ে আসতে সক্ষম হন।
আহত আজাদকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. এহসানুল হক তন্ময় জানান, “আহত আজাদের হাত ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ক্ষতচিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এগুলো ছররা গুলির আঘাত বলে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত এবং আমাদের পর্যবেক্ষণে রয়েছেন।”
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে বিএসএফ-এর গুলিতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।




















