যশোর শহরতলীর চাঁচড়া চেকপোস্ট এলাকায় মাদক ক্রয়ের টাকার দাবিতে জন্মদাতা পিতাকে নিষ্ঠুরভাবে মারপিট করার অভিযোগে আসমাউল আলম জিসান নামে এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার (২ মার্চ, ২০২৬) আটক জিসানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটক জিসান ওই এলাকার জাহিদুল ইসলাম জামিলের ছেলে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পরিবারের ওপর অত্যাচার চালানোর অভিযোগ রয়েছে।
আদালতে দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, জিসান নিয়মিতভাবে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে মাদকের টাকা আদায় করত। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তার পিতা জাহিদুল ইসলাম। ঘটনার সূত্রপাত হয় গত বছরের ২৯ আগস্ট, যখন জিসান তার পিতার কাছে ১০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় সে লাঠি দিয়ে পিটিয়ে পিতাকে গুরুতর জখম করে।
একইভাবে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি সে পুনরায় ৫০ হাজার টাকা দাবি করে। পিতা টাকা দিতে না পারায় জিসান তাকে আবারো নির্মমভাবে মারপিট করে। সে সময় পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে জিসান তার পিতাকে খুনের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় জাহিদুল ইসলাম জামিলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সুস্থ হয়ে গত ১৯ ফেব্রুয়ারি তিনি নিজের সন্তানের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হন। আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে নিয়মিত মামলা রেকর্ড এবং আসামিকে দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রদান করেন।
আদালতের নির্দেশে পুলিশ মামলা রুজু করে অভিযান চালিয়ে জিসানকে আটক করে। আজ সোমবার পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



















