উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন। এতে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন জাহিদ হাসান টুকুন। আর সাধারণ সম্পাদক পদে নতুন মুখ হিসেবে নির্বাচিত হয়েছেন নূর ইসলাম।
শনিবার সকাল ১০টা থেকে প্রেসক্লাব যশোর মিলনায়তনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ক্লাবের মোট ১২১ জন ভোটারের মধ্যে ১১৮ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। পরে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আইনজীবী সৈয়দ সাবেরুল হক সাবু আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফকির শওকত পেয়েছেন ৪৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করা ওহাবুজ্জামান নান্টু পেয়েছেন ৪১ ভোট এবং জুয়েল মৃধা পেয়েছেন ৩০ ভোট।
ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান সাইফ পেয়েছেন ৫২ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে যারা নির্বাচিত
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ছয়জন। তারা হলেন—
শহিদ জয় — ৯৬ ভোট
রফিকুল ইসলাম — ৯২ ভোট
গালিব হাসান পিল্টু — ৮০ ভোট
মুর্শিদুল আজিম হিরু — ৮০ ভোট
এস এম সোহেল — ৬২ ভোট
তৌহিদ জামান — ৫৯ ভোট
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
নির্বাচনের আগেই কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কয়েকটি পদে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
তারা হলেন—সহসভাপতি পদে আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তহীদ মনি।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টরা। একই সঙ্গে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব যশোরের সদস্যরা।
দুই বছর মেয়াদের নতুন কমিটি যশোরের সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করতে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।




















