দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ শুক্রবার (২০ মার্চ) যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বৃহস্পতিবার এসব দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছিল সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ।
মধ্যপ্রাচ্যের ঈদ চিত্র
বিশ্বের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে। লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি সেখানে ঈদের নামাজে শরিক হন। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের বিভিন্ন মসজিদে ঈদের বিশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে।
তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বেশ কিছু দেশে এবার খোলা মাঠে বা ঈদগাহে বড় জামাত আয়োজন বাতিল করা হয়েছে বলে জানা গেছে। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলো ছাড়াও অস্ট্রেলিয়া এবং আফ্রিকার বেশ কয়েকটি দেশে আজ ঈদ উদযাপিত হচ্ছে।
এদিকে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইরানসহ এশিয়ার অধিকাংশ দেশে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এসব দেশে আগামীকাল শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ওমান, লিবিয়া ও মরক্কোসহ এশিয়া ও আফ্রিকার আরও বেশ কিছু দেশও শনিবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে।
ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। পবিত্র মক্কা ও মদিনার খতিবরা বিশ্বশান্তি ও মুসলিম বিশ্বের সংহতি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।




















