মালয়েশিয়া থেকে পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ডের উপকূলে পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। গত শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে থাইল্যান্ডের ফুকেট উপকূলের কাছে গভীর সমুদ্রে এই দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া জাহাজটির নাম ‘এমভি সিলয়েড আর্ক’। ১১৫ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট এই জাহাজটি গত ৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কেলাং বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। সমুদ্রযাত্রার দ্বিতীয় দিনে থাইল্যান্ডের ফুকেট উপকূলীয় এলাকায় পৌঁছালে জাহাজটি দুর্যোগের মুখে পড়ে এবং একপর্যায়ে গভীর সমুদ্রে তলিয়ে যায়।
শিপিং এজেন্ট ও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, জাহাজটিতে বাংলাদেশি আমদানিকারকদের মোট ২৯৭ একক (TEUs) পণ্যবাহী কনটেইনার ছিল। চট্টগ্রাম বন্দরে আসার আগেই এই বড় ধরনের দুর্ঘটনায় কোটি কোটি টাকার পণ্য হারানোর ঝুঁকিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
দুর্ঘটনার পর থাই উপকূলীয় কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা শুরু করেছে। তবে জাহাজের নাবিকদের অবস্থা বা জাহাজটি উদ্ধারের সম্ভাবনা নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশি আমদানিকারক ও সংশ্লিষ্ট ইন্স্যুরেন্স কোম্পানিগুলো জাহাজের বর্তমান অবস্থান ও পণ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ শুরু করেছে।





















