যশোর কোতোয়ালি থানা পুলিশের অভিযানে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে আটক করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে যশোর শহরের পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—চাঁচড়া এলাকার মৃত কামরুলের ছেলে মেহেদী হাসান, ঝুমঝুমপুরের মৃত আবুল হোসেনের ছেলে নাসির উদ্দিন এবং কচুয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে আবু সাইদ দফাদার। পুলিশের তথ্য অনুযায়ী, আবু সাইদ দফাদার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, আটক তিনজনই বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।
পুলিশের দাবি, নাশকতার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলার তদন্তের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। আটকের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়।
আদালত শুনানি শেষে তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানিয়েছে, নাশকতার অভিযোগগুলোর বিষয়ে তদন্ত চলছে এবং মামলাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের বিষয়েও তথ্য যাচাই করা হচ্ছে।




















