নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের মূল হোতাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অনলাইন জুয়া ও প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল ডিভাইস উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আল মামুন সিকদার।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া উপজেলার ঝামারঘোপ বাজারে ‘মা ফার্মেসি’তে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানের সময় ফার্মেসির মালিক ফরহাদ হোসেন ও তাঁর সহযোগী সজীব হোসেনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে প্রতারণা করে আসছিলেন। পাশাপাশি তাঁরা অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমের সঙ্গেও জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের সময় উদ্ধার করা মোবাইল ডিভাইসগুলোতে বিভিন্ন অনলাইন জুয়া ও বেটিং প্ল্যাটফর্ম ব্যবহারের তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
এ ছাড়া এসব ডিভাইসে বড় অঙ্কের ই-লেনদেনের তথ্যও পাওয়া গেছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার করা ডিভাইস ও তথ্য যাচাই করে চক্রটির কার্যক্রম এবং আর্থিক লেনদেনের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
পুলিশ সুপার আল মামুন সিকদার বলেন, অনলাইন জুয়া ও প্রতারণার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি সাধারণ মানুষকে বিভিন্ন লোভনীয় ও আকর্ষণীয় অনলাইন বিজ্ঞাপনে প্রলুব্ধ না হওয়ার পাশাপাশি অনলাইনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান।
এ ঘটনায় গ্রেপ্তার ৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।




















