অনলাইন ডেস্ক |
ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভের জেরে ‘রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত’ করার অভিযোগে তিন শীর্ষস্থানীয় সংস্কারপন্থী নেতাসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রোববার (৮ ফেব্রুয়ারি) তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ইরান রিফর্ম ফ্রন্টের প্রধান আজার মানসুরি, সাবেক কূটনীতিক মোহসেন আমিনজাদেহ এবং সাবেক সংসদ সদস্য ইব্রাহিম আসগারজাদেহ। চতুর্থ ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
ইরানের বিচার বিভাগীয় সংবাদ সংস্থা ‘মিজান’-এর তথ্যমতে, অভিযুক্তরা এমন এক সময়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন যখন ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘সরাসরি সামরিক হুমকির’ মুখে ছিল। কর্তৃপক্ষের দাবি, গ্রেপ্তারকৃতরা রাস্তায় সক্রিয় ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ কর্মকাণ্ডকে রাজনৈতিক বৈধতা দেওয়ার চেষ্টা চালিয়েছেন এবং বিদেশি স্বার্থ হাসিলে প্ররোচনা দিয়েছেন।
যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা বাহিনী আজার মানসুরিকে তাঁর নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে। এ ছাড়া সংগঠনটির উপ-চেয়ারম্যান মোহসেন আরমিন এবং সাধারণ সম্পাদক বদরাল সাদাত মোফিদিসহ আরও বেশ কয়েকজন শীর্ষ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
গত জানুয়ারি মাসে ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে রাজধানী তেহরানে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে। সহিংসতায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে, যাকে কেন্দ্র করে বর্তমানে দেশটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে দেশটির সরকার এই বিক্ষোভকে ‘দাঙ্গা’ হিসেবে আখ্যা দিয়ে এর পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইন্ধন রয়েছে বলে দাবি করে আসছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শীর্ষ নেতাদের এই গ্রেপ্তার সংস্কারপন্থী শিবিরের ওপর সরকারের কঠোর নিয়ন্ত্রণেরই ইঙ্গিত দিচ্ছে।





















