যশোরের বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে ১ হাজার ৬০০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ আনার গাজী (৩৯) নামে এক ভারতীয় ট্রাক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ভারত থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে এই মাদকের চালানটি জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে আইসিপি কার্গো গেটে ভারত থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক (নম্বর: ডব্লিউবি ১১-ডি-০৩৯৭) থামানো হয়। সন্দেহভাজন ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৬০০ পিস অবৈধ ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবির হিসাবমতে, জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।
আটক চালক আনার গাজী ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সুখপুর গ্রামের হাজরা গাজীর ছেলে। তিনি পণ্য পরিবহনের আড়ালে এই নিষিদ্ধ ট্যাবলেটগুলো বাংলাদেশে পাচার করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানির আড়ালে চোরাচালান চক্র প্রায়ই মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য পাচার করে আসছে। এই চক্রের সঙ্গে সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তাদের কোনো যোগসাজশ আছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিনের সন্দেহ ও উদ্বেগ রয়েছে।
বিজিবি নিশ্চিত করেছে যে, আটক ভারতীয় চালককে জব্দকৃত মাদক ও ট্রাকসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।




















