যশোর সদর উপজেলার ছোট বলিয়াডাঙ্গা এলাকায় ধানের জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম মিষ্টু (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম মিষ্টু ওই গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রবিউল ইসলাম মিষ্টু ছোট বলিয়াডাঙ্গা পশ্চিম পাড়ার মাঠে নিজের সেচ পাম্প (মোটর) দিয়ে ধানের জমিতে পানি দিচ্ছিলেন। সেচ পাম্প পরিচালনা করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
মাঠে থাকা অন্যান্য কৃষক ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কৃষকের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




















