প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার ৫০ দিন অতিবাহিত হলেও সরকারি বাসভবন ছাড়েননি উপদেষ্টা পরিষদের দুই সাবেক ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। গত ১০ ডিসেম্বর তারা মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ। তিনি ব্যক্তিগতভাবে সরকারি বাসভবন ছেড়েছেন বলে দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন। বুধবার (২৮ জানুয়ারি) রাতে হেয়ার রোডে অবস্থিত তার বরাদ্দকৃত সরকারি বাসভবন ‘নিলয়-৬’-এ গিয়ে দেখা যায়, তিনি এখনো বাসাটি ব্যবহার করছেন।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ছাত্রদের প্রতিনিধি হিসেবে এই দুজনকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে দলীয় রাজনীতিতে সরাসরি অংশগ্রহণের লক্ষ্যে তারা গত ডিসেম্বরে পদত্যাগ করেন। নিয়ম অনুযায়ী পদত্যাগের পর নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি সুযোগ-সুবিধা ও বাসভবন ছেড়ে দেওয়ার কথা থাকলেও, প্রায় দুই মাস হতে চললেও তারা এখনো রাষ্ট্রীয় বাংলোতেই অবস্থান করছেন।
আসিফ মাহমুদ বর্তমানে এনসিপি-র অন্যতম শীর্ষ নীতি-নির্ধারক হিসেবে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে থেকে সরকারি সম্পদ ব্যবহার করা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। অন্যদিকে মাহফুজ আলমের ক্ষেত্রেও একই চিত্র পরিলক্ষিত হয়েছে।
এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর বা সাবেক এই দুই উপদেষ্টার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক স্পষ্টীকরণ পাওয়া যায়নি।





















