বগুড়ার শাজাহানপুরে বিশেষ অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেন নামে এক সন্ত্রাসী ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এসময় তাদের হেফাজত থেকে জার্মানে তৈরি একটি অত্যাধুনিক পিস্তল ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
বগুড়া সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন সাদিফ ও লে. ফাহাদের নেতৃত্বে সেনাবাহিনীর ৪০ বীর-এর একটি দল শাজাহানপুরের আশেকপুর ইউনিয়নের বয়রাদীঘি দক্ষিণপাড়ায় অভিযান চালায়। প্রথম দফায় সাজ্জাদ হোসেনকে (৩৭) গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করেন।
এরপর গভীর রাতে লে. কর্নেল তানভীরের নেতৃত্বে সাজ্জাদকে নিয়ে তার বাড়িতে দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে সাজ্জাদের স্ত্রী জান্নাত আক্তার (৩০) কাপড়ে মোড়ানো পিস্তলটি দ্রুত বাড়ির পাশের একটি নর্দমায় ফেলে দেন। পরবর্তীতে দীর্ঘ তল্লাশি চালিয়ে নর্দমা থেকে ৯ মিলিমিটারের জার্মান পিস্তলটি উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, সাজ্জাদ ও তার স্ত্রীর বিরুদ্ধে এসআই আবদুর রহিম বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত দম্পতিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতদের পরিচয়: * সাজ্জাদ হোসেন (৩৭): পিতা- আহাদ আলী, গ্রাম- বয়রাদীঘি দক্ষিণপাড়া।
জান্নাত আক্তার (৩০): সাজ্জাদ হোসেনের স্ত্রী।
বগুড়া সেনা ক্যাম্প থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।





















