রাজধানীর যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির অভ্যন্তরে শফিকুল ইসলাম (৪২) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে ফাঁড়ির ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আত্মহত্যার আগে বড় মেয়েকে পাঠানো এক আবেগঘন বার্তায় নিজের অপারগতার কথা জানিয়ে ক্ষমা চেয়েছেন তিনি।
যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাসেল জানান, বুধবার ভোরের দিকে ফাঁড়ির ওয়াশরুমে শফিকুল ইসলামের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শফিকুল ইসলাম চাঁদপুর জেলার মতলব থানার মৌটুপী গ্রামের মান্নান মল্লিকের ছেলে। তিনি ২০০৩ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেছিলেন।
নিহতের পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে অনিদ্রা বা ঘুমের সমস্যায় ভুগছিলেন। আত্মহত্যার আগে ভোর রাত ৩টা ২৫ মিনিটে তিনি তার বড় মেয়েকে একটি মোবাইল মেসেজ পাঠান। সেখানে তিনি লেখেন:
“আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। জুনায়েদ ও জিহাদকে (ছোট দুই সন্তান) দেখে রেখো।
পুলিশ জানিয়েছে, মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রক্রিয়া শেষ হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও এর পেছনে অন্য কোনো পারিবারিক বা পেশাগত মানসিক চাপ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।





















