আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অন্যথায় ছাত্র-জনতা দেশজুড়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।
‘
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে যশোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের মণিহার এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে চাঁচড়া চেকপোস্ট এলাকায় এক বিশাল সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হাদি হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পার হয়ে গেলেও মূল অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। তারা বলেন, “হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত এবং নেপথ্যের কুশীলবরা এখনো অধরা রয়ে গেছে। বিচারের এই দীর্ঘসূত্রতা অত্যন্ত হতাশাজনক। আমরা স্পষ্ট বলে দিতে চাই, নির্বাচনের আগেই এই খুনের বিচার নিশ্চিত করতে হবে।”
বক্তারা ভিনদেশি প্রভাবের বিরুদ্ধেও কঠোর সতর্কবার্তা দেন। তারা বলেন, “বাংলাদেশে যারা রাজনীতি করবেন, তাদের জনগণের ইচ্ছা বুঝতে হবে। কেউ যদি ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী এ দেশে রাজনীতি করতে চায়, তবে তাদের স্থান এই বাংলার মাটিতে হবে না; তাদের অবস্থান হবে বঙ্গোপসাগরে।”স্লোগানে উত্তপ্ত রাজপথ
সমাবেশ চলাকালে ‘বিচার চাই, বিচার চাই’, ‘হাদি হত্যার বিচার চাই’—এমন স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলে সাধারণ ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক শাহেদ মোহাম্মদ রিজভী, সদস্য সচিব বিএম আকাশ, মুখপাত্র সাইদ সান, যুগ্ম আহ্বায়ক এস কে সুজনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।





















