যশোর-৩ আসনের নির্বাচনী মাঠ এখন উত্তপ্ত। আর এই নির্বাচনী প্রচারণায় সব ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে একাট্টা হওয়ার ডাক দিয়েছেন যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান।
মঙ্গলবার বিকেলে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের তীরের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল গণসমাবেশে তিনি দলীয় নেতাকর্মীদের এই বার্তা দেন। আসনটির বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে এই সমাবেশে,
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান খান বলেন, “ঐক্যই আমাদের মূল শক্তি। ব্যক্তিগত মতপার্থক্য পাশে সরিয়ে যদি আমরা তারেক রহমানের নেতৃত্বে একতাবদ্ধ থাকি, তবে যশোর-৩ আসনে ধানের শীষের জয় সুনিশ্চিত। কোনো ষড়যন্ত্রই আমাদের এই অগ্রযাত্রা থামাতে পারবে না।”
প্রার্থীর পক্ষে ভোট চেয়ে এই নেতা আরও বলেন, “অনিন্দ্য ইসলাম অমিত নির্বাচিত হলে যশোরের সদর এলাকায় আমূল পরিবর্তন আসবে। আধুনিক হাসপাতাল, উন্নত সড়ক ব্যবস্থা, মেডিকেল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের মাধ্যমে আমরা একটি স্মার্ট সদর গড়ে তুলব। আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্যই এই নির্বাচনে বিজয় প্রয়োজন।”
বক্তাদের কন্ঠে তরিকুল ইসলামের স্বপ্ন
বক্তারা তাঁদের বক্তব্যে প্রয়াত নেতা মরহুম তরিকুল ইসলামের স্মৃতিচারণ করে বলেন, তাঁর অসমাপ্ত স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হলে ধানের শীষের বিকল্প নেই।





















