নিজস্ব প্রতিবেদক, যশোর যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের উত্থাপিত অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক পাল্টা সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবিরা সুলতানা মুন্নী বলেন, গত ২৫ জানুয়ারি জামায়াত প্রার্থী অভিযোগ করেছিলেন যে কীর্তিপুর গ্রামে তাদের নারী কর্মীদের ওপর হামলা ও শ্লীলতাহানি করা হয়েছে। এই দাবি সম্পূর্ণ অসত্য।
প্রকৃতপক্ষে ওই দিন দুপুরে জামায়াতের নারী কর্মীরা ধানের শীষের প্রার্থীর (মুন্নীর) নিজ বাড়িতে গিয়ে ভোট চান। বাড়ির লোকজন তখন তাদের জানান যে, এই বাড়িতেও প্রার্থী আছেন, তাই এখানে ভোট চাওয়া নিরর্থক। এক পর্যায়ে জামায়াত কর্মীরা তর্কে লিপ্ত হন এবং মন্তব্য করেন, ‘দাঁড়িপাল্লায় ভোট না দিলে মোনাফেক ও জান্নাত বঞ্চিত হবেন।’
মুন্নী দাবি করেন, ‘মোনাফেক’ বলার কারণে সেখানে সামান্য বাকবিতণ্ডা হয়েছিল মাত্র। কোনো ধরনের হামলা, শ্লীলতাহানি বা ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। তিনি বলেন, “ধানের শীষের আকাশচুম্বী জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং ভোটারদের সহানুভূতি পেতে তারা এই মিথ্যা অপকৌশলের আশ্রয় নিয়েছে।”
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, নিশ্চিত পরাজয় জেনে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তিনি এই ধরণের নোংরা রাজনীতির তীব্র নিন্দা জানান এবং সাধারণ ভোটারদের কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
* সৈয়দ সাবেরুল হক সাবু, সভাপতি, যশোর জেলা বিএনপি।
* দেলোয়ার হোসেন খোকন, সাধারণ সম্পাদক, যশোর জেলা বিএনপি।
* এছাড়াও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ





















