স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বন্দি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সংবাদের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (২৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি পরিষ্কার করা হয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর বন্দি সাদ্দামের প্যারোলে মুক্তির জন্য তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট কিংবা কারাগার কর্তৃপক্ষের কাছে লিখিত কোনো আবেদন করা হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবারের মৌখিক ইচ্ছার প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে যশোর জেলগেটে সাদ্দামকে তার স্ত্রী ও সন্তানের মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়। এ ক্ষেত্রে যশোর জেলা প্রশাসন ও কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করেছে।
বিভিন্ন মাধ্যমে “প্যারোলে মুক্তির আবেদন করা হলেও তা মঞ্জুর করা হয়নি” মর্মে যে সংবাদ প্রচারিত হয়েছে, তা সঠিক নয় বলে দাবি করেছে মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়:
> “স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশা করে, গণমাধ্যমগুলো সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের তথ্য পাওয়ার অধিকার সমুন্নত রাখবে।”





















