সাতক্ষীরার কালীগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ইয়াসমিন জাহান (৩২) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। র্যাব-৬ (সিপিসি-১, সাতক্ষীরা) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। এসময় তল্লাশি চালিয়ে ৯৮৩ বোতল ফেনসিডিলসহ (উইনসেরেক্স) ইয়াসমিনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ইয়াসমিন জাহান কালীগঞ্জ থানার দাদপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী।
অনুসন্ধানে জানা গেছে, আটক ইয়াসমিনের স্বামী মিজানুর রহমানও একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তিনিও এর আগে বিপুল পরিমাণ মাদকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। স্বামীর অনুপস্থিতিতে ইয়াসমিন মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে র্যাব-৬ জানিয়েছে, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় এই সফলতা এসেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত মোটরসাইকেলসহ আসামির বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





















