আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনের ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে শোকজ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জামায়াতে ইসলামীর আমিরের জনসভাকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় বড় বড় তোরণ (গেইট), বিলবোর্ড ও অতিরিক্ত ব্যানার স্থাপন করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত মাপের বাইরে এবং নির্দিষ্ট সময়ের আগে এ ধরনের প্রচার সামগ্রী ব্যবহার করা আইনত দণ্ডনীয়। বিধি বহির্ভূতভাবে এসব প্রচার সামগ্রী স্থাপনের প্রাথমিক সত্যতা পাওয়ায় জোটের প্রার্থী সারজিস আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান জানান, “নির্বাচনী এলাকায় আচরণবিধি প্রতিপালনে আমরা কঠোর অবস্থানে রয়েছি। সারজিস আলমকে দেওয়া শোকজ নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর জবাব সন্তোষজনক না হলে নির্বাচনী আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীরা প্রচারণার ক্ষেত্রে নির্দিষ্ট সীমারেখা মেনে চলতে বাধ্য। সারজিস আলমের ব্যাখ্যার ওপর ভিত্তি করে জরিমানা বা প্রার্থিতা বাতিলের মতো কঠোর সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।





















