যশোরের চৌগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বরযাত্রীবাহী বাস রাস্তার পাশের গভীর খাদে পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ শনিবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার টেঙ্গরপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর থানাধীন বাথানগাছী গ্রাম থেকে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীবাহী বাসটি যশোরের অভয়নগরের উদ্দেশ্যে ফিরছিল। ভোর সাড়ে ৬টার দিকে বাসটি চৌগাছা উপজেলার টেঙ্গরপুর মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা মোটরসাইকেলকে সাইড দিতে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি দ্রুত গতিতে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় বাসে থাকা নারী ও শিশুসহ অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন:
অভয়নগরের শংকরপাশা গ্রামের: নিমাই রায় (৮০), সাধন কুমার (৫০), পারুল হাজরা (৪৮), গৌর বিশ্বাস (৪৫), বিকাশ (৩৮), নয়ন (২৬), চন্দ্রা (২২), শ্রাবণী (১৮), প্রীতি (১৭) ও আপন বিশ্বাস।
* অন্যান্য: যশোর সদরের হামিদপুর গ্রামের সুদীপ্ত সরকার (১৭) এবং মাগুরা সদরের কয়ারী গ্রামের হৃদয় অধিকারী (১৮)।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। পরবর্তীতে আহতদের যশোর জেনারেল হাসপাতালের পুরুষ ও মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
চৌগাছা থানা পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে।





















