ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্ত অমান্য ও বিদ্রোহী প্রার্থী হওয়ায় যশোর ও নড়াইল জেলা বিএনপি’র দুই প্রভাবশালী নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন—যশোরের মণিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন এবং নড়াইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।
যশোরের মণিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন দলীয় সিদ্ধান্ত তোয়াক্কা না করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দেন। কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনী মাঠে নামায় তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে শহীদ ইকবাল সংবাদমাধ্যমকে জানান, তিনি বহিষ্কারের খবর শুনেছেন তবে এখনও কোনো লিখিত চিঠি পাননি। অন্যদিকে স্থানীয় নেতারা জানিয়েছেন, দলের চেইন অব কমান্ড রক্ষায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নড়াইলে সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বহিষ্কৃত
এদিকে নড়াইল-২ (লোহাগড়া-সদর একাংশ) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ার অপরাধে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। জানা গেছে, মনিরুল ইসলাম ‘কলস’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
নির্বাচন সামনে রেখে বিএনপি তাদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দলের একাধিক নেতা জানিয়েছেন, যারা ধানের শীষের প্রার্থীর বিপরীতে অবস্থান নেবেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এই বহিষ্কারাদেশ তৃণমূলের নেতা-কর্মীদের জন্য একটি কঠোর সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।





















