যশোরে পূর্ব শত্রুতার জেরে তাপসী দে ওরফে চাঁদনী হিজরা (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের ষষ্ঠীতলা স্টেশন বাজার রোড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত চাঁদনী ওই এলাকার মৃত শিবু পদ দে-র সন্তান।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রিকশাযোগে বাড়ি ফেরার পথে ষষ্ঠীতলা স্টেশন বাজার রোডে পৌঁছালে একদল দুর্বৃত্ত চাঁদনীর গতিরোধ করে। এসময় একই এলাকার জাকির ওরফে চুমকি (৪৫) ও মেরি ওরফে বিল্লালসহ (৫০) অজ্ঞাতনামা আরও ২-৩ জন তাকে রিকশা থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে ফেলে। একপর্যায়ে ধারালো চাকু দিয়ে তার কপালে আঘাত করে জখম করা হয়।
হামলার পর স্থানীয় বাসিন্দা ও সহযোগীরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তিনি বাড়িতে ফিরে গেছেন।
আক্রান্ত চাঁদনীর দাবি, দীর্ঘদিনের শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।





















