চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯টি একনলা দেশি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার বারোমাসিয়া চা বাগান সংলগ্ন জঙ্গল থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানাধীন বারোমাসিয়া চা বাগান এলাকার টি.কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের জঙ্গলে এই বিশেষ অভিযান চালানো হয়। এসময় জঙ্গলের ভেতরে একটি সাদা প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় ৯টি দেশি একনলা বন্দুক পাওয়া যায়।
সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) এবং ভূজপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এই সফল অভিযান পরিচালনা করে।
অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলো সেখানে কেন মজুদ করা হয়েছিল এবং এর পেছনে কোনো অপরাধী চক্র বা গোষ্ঠী জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হলেও এর উৎস এবং মালিকের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।





















