স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন স্পাইনাল কর্ডের চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করলেও তা নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ মোয়াজ্জেম হোসেনের করা আবেদনটি খারিজ করেন। এর আগে তার বিরুদ্ধে জারি থাকা দেশত্যাগে নিষেধাজ্ঞার কারণে বিদেশ ভ্রমণে বাধা সৃষ্টি হয়।
এদিন মোয়াজ্জেমের পক্ষে তার আইনজীবী মো. রায়হান আদালতে আবেদন করেন। আবেদনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অবমুক্ত করে এক মাসের জন্য বিদেশ গমনের অনুমতি চাওয়া হয়। আবেদনে বলা হয়, তাকে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানির উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে এবং তিনি কোনো ধরনের আইনশৃঙ্খলা ভঙ্গকারী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত নন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তিনি আইনি প্রক্রিয়ায় চ্যালেঞ্জ করবেন বলেও উল্লেখ করা হয়।
আবেদনে আরও জানানো হয়, দুর্ঘটনায় পড়ে মোয়াজ্জেম হোসেনের স্পাইনাল কর্ডে গুরুতর আঘাত লাগে এবং সেখান থেকে ফ্লুইড লিকেজ হয়। উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের একটি হাসপাতালে মেডিকেল ভিসা ইনভাইটেশন লেটার পাঠানো হয়েছে এবং আগামী ১৫ ফেব্রুয়ারি তার চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত রয়েছে। এ কারণে তার বিদেশ গমনের অনুমতি একান্ত জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।





















