চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে র্যাব সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। মাইকিং করে হামলার আহ্বান জানিয়ে ৪০০ থেকে ৫০০ জন দুষ্কৃতকারী র্যাবের দুটি মাইক্রোবাসে ভাঙচুর ও হামলা চালায়। এ ঘটনায় র্যাব-৭–এর নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন র্যাব সদস্য।
সোমবার সন্ধ্যায় সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে ৪৩ জন র্যাব সদস্য অভিযান চালান। এলাকাটিতে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় দুষ্কৃতকারীরা ফটক অবরোধ করে হামলা শুরু করে। পুলিশের হাতে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, লাঠিসোঁটা নিয়ে একদল ব্যক্তি র্যাবের মাইক্রোবাস ধাওয়া করে এবং কাচ ভাঙচুর করে।
হামলায় গুরুতর আহত চার র্যাব সদস্যকে পুলিশ উদ্ধার করে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
র্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
, জঙ্গল সলিমপুর এলাকায় গত চার দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে হাজারো অবৈধ বসতি। প্লট–বাণিজ্য ও দখলদারিত্ব টিকিয়ে রাখতে সেখানে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী সক্রিয় রয়েছে। এলাকাটিতে অতীতেও প্রশাসন, পুলিশ ও র্যাবের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে।





















