যশোরে বাসে যাতায়াতের পথে ‘অজ্ঞান পার্টি’র খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন ইলিয়াস হোসেন (৫০) নামে এক পরিবহন ব্যবসায়ী। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে বাসের মধ্যে কৌশলে চেতনানাশক খাইয়ে তার সাথে থাকা নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে প্রতারক চক্রটি।
ভুক্তভোগী ইলিয়াস হোসেন নড়াইল জেলা সদর উপজেলার ভোয়াখালী এলাকার শামসুজ্জামানের ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেল আনুমানিক ৫টার দিকে ইলিয়াস হোসেন বাসের যন্ত্রাংশ (পার্টস) কেনার উদ্দেশ্যে নড়াইল থেকে বাসে করে যশোরের দিকে আসছিলেন। বাসটি যশোর জেলার বাঘারপাড়া থানাধীন চাড়াভিটা বাজারে পৌঁছালে অজ্ঞাতনামা দুই ব্যক্তি যাত্রীবেশে তার পাশে বসে। একপর্যায়ে তারা অত্যন্ত কৌশলে তাকে চেতনানাশক কিছু খাইয়ে অচেতন করে ফেলে। এরপর চক্রটি তার প্যান্টের পকেট কেটে সাথে থাকা নগদ ৪০ হাজার টাকা নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।
পরবর্তীতে বাসটি যশোর শহরের মনিহার বাসস্ট্যান্ডে পৌঁছালে সবাই নেমে গেলেও ইলিয়াস হোসেনকে সিটে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন বাসের সুপারভাইজার আব্দুর রহমান। পরিস্থিতি বুঝতে পেরে তিনি দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়েছে, তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।





















