আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী ব্যাপক নির্বাচনী প্রচারণায় নামছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি থেকে তিনি দেশের ১৭টি জেলা সফর করবেন। লন্ডন থেকে দেশে ফেরার পর ঢাকার বাইরে এটিই হবে তার প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক সফর। দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তারেক রহমানের এই সফর শুরু হবে পুণ্যভূমি সিলেট থেকে। সফরের বিস্তারিত পরিকল্পনা নিচে তুলে ধরা হলো:
প্রথম পর্যায় (২২ জানুয়ারি): সিলেট থেকে সফর শুরু করে মৌলভীবাজার, শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জ হয়ে ২৩ জানুয়ারি ঢাকা ফিরবেন তিনি।
দ্বিতীয় পর্যায় (২৪ জানুয়ারি): চট্টগ্রাম হয়ে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লা সফর করবেন এবং একই দিন পুনরায় ঢাকায় ফিরবেন।
তৃতীয় পর্যায় (২৬ জানুয়ারি): বরিশালের বেলস পার্কে বিভাগের সকল জেলার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত বিশাল সমাবেশ বা পথসভায় যোগ দেবেন। এরপর মাদারীপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ ও কেরানীগঞ্জ হয়ে ঢাকায় ফিরে তাঁর এই সফর সমাপ্ত করবেন।
দলীয় সূত্র জানায়, এই সফরের মাধ্যমে তারেক রহমান তৃণমূলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার পাশাপাশি সাধারণ ভোটারদের কাছে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ও রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরবেন। এছাড়া দলীয় প্রার্থীদের পক্ষে জনমত তৈরি করা এবং নির্বাচনী কার্যক্রম সরাসরি তদারকি করাই এই সফরের ।
দীর্ঘদিন পর বিএনপি প্রধানের এই সশরীরে জেলা সফরকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটি জেলায় জনসভা ও পথসভাগুলোতে বিপুল জনসমাগমের প্রস্তুতি নিচ্ছে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনসমূহ।
?





















