যশোরের অভয়নগরে মাদক সেবন ও বহনের দায়ে তারেক মোল্যা (৩০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ডোমরা চন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকের সামনে নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু।
অভিযান চলাকালে তারেক মোল্যাকে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত তারেক ওই ইউনিয়নের রামনগর গ্রামের লোকমান মোল্যার ছেলে।
আটকের পর তারেক মোল্যা ভ্রাম্যমাণ আদালতের কাছে মাদক সেবন ও বহনের কথা স্বীকার করেন। এরপর তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, “মাদকের মরণ নেশা থেকে সমাজকে রক্ষা করতে আমাদের এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। অভয়নগরকে মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”





















